বাংলার ভোর প্রতিবেদক :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে যশোরে আয়োজিত হলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, যশোর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি কর্মসূচির আয়োজন ও ব্যবস্থাপনা করে।
কর্মসূচির অংশ হিসেবে একাডেমিতে ‘দেশব্যাপি শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে (ক-গ্রুপ: ৩য়-৫ম শ্রেণি, খ-গ্রুপ: ৬ষ্ঠ-৮ম শ্রেণি এবং গ-গ্রুপ: ৯মে-১০ম শ্রেণি) আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থী অংশ নেয়।
বিচারকমণ্ডলীর মূল্যায়নে ‘ক’ বিভাগে ১ম স্থান অধিকার করে আইয়ান রেজা, ২য় আলিশা তাবাসসুম ও ৩য় স্থান অর্জন করে আরাফ আইয়ান। ‘খ’ বিভাগে ১ম স্যামুয়েল শুভ্র তানিশকা, ২য় জুহাইরা আকতার ও ৩য় স্থান লাভ করে সূর্য সরকার।
এছাড়া ‘গ’ বিভাগে ১ম স্থান অধিকার করে ইউনুস ফারুক সারা এবং ২য় স্থান অর্জন করে তানভীর হোসেন তুরাজ।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রতিশ্রুতিশীল শিশু-কিশোর ও জ্যেষ্ঠ শিল্পীরা রবীন্দ্রনাথের কালজয়ী গানগুলো পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীদের চমৎকার পরিবেশনা ও যন্ত্রশিল্পীদের আবহ সঙ্গীত পুরো মিলনায়তনে সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সংস্কৃতিজন এবং শহরের বিপুল সংখ্যক রবীন্দ্র-অনুরাগী উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বিশ্বকবির জীবন, সাহিত্য ও সঙ্গীত দর্শনের নানা দিক তুলে ধরেন এবং আবহমান বাঙালি সংস্কৃতি চর্চায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার কথা পুনর্ব্যক্ত করেন।

