কেশবপুর সংবাদদাতা :
পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে আর পৌঁছানো হলো না তাঁর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল সম্ভাবনাময় এই তরুণের প্রাণ।
নিহত আরাফাত ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার রুস্তম আলী খানের বড় ছেলে এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কেশবপুরে আসছিলেন আরাফাত। সকাল আনুমানিক ৯টার দিকে কেশবপুর খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।

