বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় নিলুফা (২১) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুফিয়া (৫৬) নামে এক নারী মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে নিলুফা তার পেছনে অবস্থান নেন। একপর্যায়ে কাটার দিয়ে সুফিয়ার গলার স্বর্ণের চেইন কেটে নেয়ার চেষ্টা করেন তিনি।
বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দ্রুত সেখানে গিয়ে নিলুফাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে চেইন কাটার কাজে ব্যবহৃত কাটারও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটকের পর নিলুফাকে হাসপাতাল থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

