বাংলার ভোর প্রতিবেদক
ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু ইসলাম সুমিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল কবীর চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অধ্যক্ষ আকতার হোসেন। এছাড়াও অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটি ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

