বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন, প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আজম এবং সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ সারাফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “৫৭০ খ্রিস্টাব্দে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পিতা-মাতাকে হারালেও তাঁর অনন্য আচার-আচরণ ও চলাফেরা সবাইকে মুগ্ধ করতো। নবুওয়াত পাওয়ার আগেই মক্কাবাসী তাঁকে ‘আল-আমীন’ বা পরম বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেন।
তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রেও মহানবী (সাঃ)-এর ধৈর্য, সহ্য ও মহানুভবতা অতুলনীয়। তাঁর আদর্শের অন্যতম শিক্ষা হলো ক্ষমা ও ধৈর্য। উনি যুদ্ধের ময়দানে চরম শত্রুকেও অবলীলায় ক্ষমা করেছেন, যা দেখে অনেক বিধর্মী ইসলাম গ্রহণ করেন।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের পরিবারকে ধৈর্য সহকারে সুখী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে।
তবেই আমরা সন্তানদের ধৈর্যের শিক্ষা দিয়ে প্রতিকূলতার মধ্য থেকেও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।
আলোচনা সভা শেষে সিরাতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪২ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

