বাংলার ভোর প্রতিবেদক :
‘অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাস্তবমুখি ও উদ্দেশ্যনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, পেশাগত জীবনের জন্য ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ইন্টার্নশিপের সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। কর্মক্ষেত্রে তারা যেখানেই যাবে, সেখানেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাদের ভালো কাজ ও সাফল্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অর্জন আরও সমৃদ্ধ হবে।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ ক্যাম্পাসে দুটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তারা শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান মাঠপর্যায়ে ও ল্যাবরেটরিতে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন ইন্টার্ন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। পাশাপাশি অনুষদের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. আব্দুল জলিল ও ডা. মো. শরিফুজ্জামান। ইন্টার্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন এ কে এম মোকতাদিরু ও তাসনিয়া সরোয়ার।
অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলোজি বিভাগের শিক্ষক ডা. মো. আব্দুস সামাদ।

