কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মফিজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুই’শ গজ দূরের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি তিনি দীর্ঘ দিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। যে কারণে পুকুরে ডুবে মারা যেতে পারেন বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন।
কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মফিজুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে তার পরিবার দাবি করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
##

