কোটচাঁদপুর সংবাদাদাতা :
সবাই যখন জুম্মার নামাজের জন্য ব্যস্ত সেই সুযোগে মাইক্রোবাসে করে ছাগল চুরির সুযোগ নেয় চোরচক্র। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার ইকড়া মাঝেরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
আটকরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)।
সম্পর্কে তারা মা, ছেলে ও নাতি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে ও সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা এই সংঘবদ্ধ চুরির চক্র গড়ে। এ সময় চুরি কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩) একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জনতার সুযোগ নিয়ে রাস্তার উপর থেকে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তোলে চক্রটি। এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যেই জনতা একত্রিত হয়ে গাড়িটির গতিরাধ করে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমির হোসেন ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসসহ আটকদের উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন স্বীকার করেছেন, বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে তারা প্রথম ছাগলটি চুরি করেছিলেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, চুরি ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

