বাংলার ভোর প্রতিবেদক :
কথা, গান, নৃত্য ও কবিতায় নজরুল উৎসব করেছে পুনশ্চ যশোর। নজরুল বর্ষের কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, শুকনো পাতার নূপুর পায়ে, মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, চুড়ির তালে নূড়ির মালা, আমি যুগে যুগে আসিয়াছি, একক গান, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, মেঘের ডমরু ঘন বাজে, শিশুদের একক আবৃত্তি, সমবেত আবৃত্তি, লাল টুকটুকে বউ যায় রে গানের সঙ্গে সমবেত নৃত্য, উচাটন মন ঘরে রয় না, আমারে দেবো না ভুলিতে ইত্যাদি পরিবেশিত হয়।
পুনশ্চ যশোরের সভাপতি শহিদুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক পান্নালাল দে ও অভিজিৎ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ‘বাংলার ভোর’র উপদেষ্টা সম্পাদক ও সুরধুনী যশোরের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু, আবৃত্তি শিল্পী শ্রাবণী সুর, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাইফুল ইসলাম ডাবলু, সাবেক ছাত্রনেতা মেহেদী উর রহমান টুটুলসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

