বাংলার ভোর প্রতিবেদক
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরে শুরু হয়েছে নৌযান শুমারি। এ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই র্যালি বের হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর সদরের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপি এই শুমারি পরিচালিত হচ্ছে।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের তথ্যভান্ডার তৈরির পাশাপাশি নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনায় প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহ করাই এ শুমারির মূল উদ্দেশ্য।

