মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, বাঘাডাঙ্গা গ্রামের জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।
মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭শ’ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর হয়েছে। মাদক ও মাদকজাতীয় বিক্রি নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
