বাংলার ভোর প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের আল্ট্রাসাউন্ড বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার ১৮ বছর বয়সী ওই তরুণী চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে আসেন। আল্ট্রাসাউন্ড পরীক্ষা শেষে বাইরে বের হওয়ার সময় হাসপাতালের ভিড়ের মধ্যে মেহেদী হাসান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
এ সময় তরুণীর চিৎকার ও অভিযোগ শুনে আশপাশের লোকজন মেহেদী হাসানকে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে হেফাজতে নেন এবং বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানায় জানান।
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি যাচাইসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া করে পুলিশ।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং হাসপাতালের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
