বাংলার ভোর প্রতিবেদক :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ কর্মী সবুজ আরমান সজল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম।
বুধবার গভীর রাতে শহরের এমকে রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজল যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর (মান্দারতলা) এলাকার বাসিন্দা। কোতয়ালি থানায় সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই নূর ইসলাম জানান, রাত সোয়া ১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে এমকে রোড এলাকা থেকে সবুজ আরমান সজলকে আটক করা হয়।
তার বিরুদ্ধে গত ৩১ আগস্ট রাতে সদরের রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে কবিরের গরুর ফার্মের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী সমবেত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে মশাল মিছিল ও সরকার বিরোধী শ্লোগান দেয়ার অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
