বাংলার ভোর প্রতিবেদক
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিবর্তন যশোরের আয়োজনে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিবর্তন মঞ্চে অনুষ্ঠিত মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপল।
লাবণ্য বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাসার সাইফুদৌলা, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, ডা. আহসান কবীর, যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, বিবর্তনের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, বর্তমান সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, কণ্ঠশিল্পী মামা রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুল রচিত কবিতা মানুষ, আজিকার শিশু আবৃত্তি, নাটক ‘পুতুলের বিয়ে’, সুকুমার রায় রচিত ‘নাক কাটা রাজা’ প্রভৃতি এবং নৃত্য মঞ্চস্থ হয়। শেষে বিবর্তন পরিচালিত ‘আনন্দ বাড়ী’ স্কুলের শিক্ষার্থীদের ‘সাংস্কৃতিক পরিষদ’ সনদপত্র বিতরন করা হয়।
বিবর্তনের সভাপতি নওরোজ আলম খান চপল বলেন, নজরুল ধর্ম, বর্ণ ও শ্রেণি ভেদাভেদ ভুলে মানবতার গান গেয়েছেন। তার সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা আজও প্রাসঙ্গিক। আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন নজরুলের কালজয়ী সৃষ্টি, প্রেম- দ্রোহ ও সাম্যের বাণীকে বুকে ধারণ করেই সাজনো হয়েছে।
