বাংলার ভোর প্রতিবেদক :
ঢাকার হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের থানার এলাকায় অবস্থান করছেন।
পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ।
আটক সোহরাব হোসেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পতিত আওয়ামী লীগ সরকারের যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সাথে সক্ষ্যতাও ছিলো তার।
র্যাবের একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। শার্শা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে উপজেলায় ক্ষমতার অপব্যবহারকারীদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগের এই নেতা।
