বাংলার ভোর প্রতিবেদক
পাশের গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন দুই চাচাতো ভাই। রেললাইন পার হওয়ার সময় তাদের বহনকারী ইজিবাইকটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন।
এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক আজিজুর রহমান (৪০) ও চাচাতো ভাই এরশাদ আলী (৪৫)। শনিবার দুপুর ২টায় যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় অরক্ষিত রেলক্রসিং এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ও এরশাদ আলী সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তারা ইজিবাইকে করে কৃষ্ণবাটি এলাকার রেললাইন পার হয়ে পাশের একটি গ্রাম দাওয়াত খেতে যাচ্ছিলেন।
দুপুর আনুমানিক ২ টার দিকে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়। যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান জানান, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
