বাংলার ভোর প্রতিবেদক
যশোর ও ঝিনাইদহে পৃথক রেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোরের কৃষ্ণবাটি ও ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে এসব দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে গুরুতর আহত হয়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী মারা গেছেন। তিনি ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে এবং রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
স্টেশন মাস্টার নয়ন খন্দকার জানান, সকাল ৮টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ার সময় রাবেয়া উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে চূড়ামনকাটি এলাকায় অতিরিক্ত রক্তক্ষরণে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
রাবেয়া খাতুনের মরদেহ কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, যশোরের কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যশোরগামী রূপসী বাংলা ট্রেন কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
