বাংলার ভোর প্রতিবেদক :
‘শিশুদের বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
পরে কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক অনিতা মল্লিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্রানী দে, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফা নুর জাহান এবং পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা মোস্তফা।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের সুরক্ষা, শিক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
