বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিন অমিত।
১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট গঠন এবং বর্তমান প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে দলটির মুখপাত্রের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
সোমবার লিখিত পদত্যাগপত্রে নিজামদ্দিন অমিত নিজেকে জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে উল্লেখ করেন।
তিনি পদত্যাগপত্রে জানান, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট গঠন এবং বর্তমান প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে দলটির মুখপাত্রের দেয়া বক্তব্যে তিনি গভীরভাবে অসন্তুষ্ট ও মর্মাহত।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি তাঁর সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
