বাংলার ভোর প্রতিবেদক :
কার্যক্রম নিষিদ্ধ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
তিনি জানান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকার পিজি হাসপাতাল কিংবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হতে পারে।
তবে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে, তা এখনো তিনি নিশ্চিত হননি। এর আগে সকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পরীক্ষা শেষে বিকেলে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগার হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন।
এদিকে রোববার সন্ধ্যায় শহিদুল ইসলাম মিলনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নাকচ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কথা জানান যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত জেলার আবিদ হাসান।
