বাংলার ভোর প্রতিবেদক :
দীপ্ত পায়ে সাঁইত্রিশে এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৭ বছরে পদার্পণ করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠন বিবর্তন।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় বিবর্তন চত্বরে কেক কাটা, স্মৃতিচারণ, নাট্যগান ও বাউলগীতির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিবর্তন যশোরের উপদেষ্টাদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
পরে সংগঠনটির পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করেন উপদেষ্টা হারুণার রশীদ, ইয়াসিন আলী ও অর্চনা বিশ্বাস।
এছাড়া বক্তব্য ও স্মৃতিচারণ করেন রাজনৈতিক ব্যক্তিত্ব নাজীম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান হাফিজুর রহমান ও আলমগীর হোসেন বাবু, নাট্যাভিনেতা স্বপন কুমার দাস এবং শ্রাবণী সূরসহ অন্যরা।
এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ পর্ব শেষে নাট্যগান ও বাউলগীতির পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিবর্তন চত্বর।
