বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে মাদক কেনার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, হত্যাচেষ্টা ও বাড়িতে ভাঙচুরের অভিযোগে রায়হান হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত রায়হান যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, মাদক কেনার জন্য গত ১২ অক্টোবর দুপুরে বাবা-মায়ের কাছে টাকা চান রায়হান। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন তিনি।
একপর্যায়ে দা, বঁটি ও ছুরি নিয়ে বাবাকে কোপানোর চেষ্টা করেন এবং মায়ের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রায়হানকে আটক করেন।
পরে তার বাবা আনিছুর রহমান পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক তামিম রহমান ঘটনাস্থলে গিয়ে রায়হানকে হেফাজতে নেন।
এ ঘটনায় আনিছুর রহমান লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে রায়হানকে আদালতে সোপর্দ করে। রোববার উভয় পক্ষের বক্তব্য শুনে এবং অভিযোগ পর্যালোচনা শেষে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
