লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় সাথী খানম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২১ অক্টোবর সন্ধ্যার দিকে লোহাগড়া পৌরসভারধীন গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাথী খানম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাঁজা বিশ্বাসের মেয়ে। সে একই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহাবুল ইসলাম পাখির স্ত্রী।
জানা গেছে, ঘটনার আগের দিন সাথী খানম তার ভাসুর পলাশ শেখের লোহাগড়া পৌরসভারধীন গোপীনাথপুর বেপারীপাড়ার বাড়িতে বেড়াতে যান। সঙ্গে ছিল তার তিন বছর বয়সী ছেলে রাজ ।
পলাশ শেখ বলেন, বুধবার বিকেলে শিশুটি ওই কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ভাসুরের স্ত্রীও ডাকাডাকি করেন। তাতেও দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে সাথী খানমকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।
নিহতের বাবা খাঁজা বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পলাশ শেখ তাকে ফোন করে মেয়ের সমস্যা হয়েছে জানিয়ে দ্রুত বাড়িতে যেতে বলেন। সন্ধ্যা সাতটার দিকে সেখানে পৌঁছে তিনি মেয়ের মরদেহ দেখতে পান।
সাথীর মা নাছিমা বেগম বলেন, “আমার ভালো মেয়েটা গতকাল তাদের বাসায় গেল। কী এমন ঘটল যে তাকে আত্মহত্যা করতে হলো? আমি ঘটনার সঠিক তদন্ত চাই, বিচার চাই।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার দিকে গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
