বাংলার ভোর প্রতিবেদক :
বিশ্বব্যাপী পোলিও নির্মূল এবং শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যশোরে আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ, যশোর জোনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তুনু ইসলাম সুমিত।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রোটারিয়ান এজেড এম সালেক, রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, রোটারিয়ান কাজী আজিজুর রহমান রনি, রোটারিয়ান শামসুল আলম, রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, রোটারিয়ান সোনিয়া ইসলাম ও রোটারিয়ান রাজু আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের দড়াটানা, চিত্রার মোড় ও মাইকপট্টি অতিক্রম করে টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারীরা পোলিও নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পোলিও প্রতিরোধে নিয়মিত টিকাদান এবং শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকদের উদ্দেশ্য ছিল পোলিও নির্মূলে বিশ্বব্যাপী চলমান কার্যক্রমের প্রতি সমর্থন জানানো এবং পোলিওমুক্ত বিশ্ব গড়তে সাধারণ মানুষকে সচেতন করা।
