নড়াইল সংবাদদাতা :
নড়াইল সদর উপজেলায় সাপের কামড় খেয়ে সেই সাপটি ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে গেছেন মো. গোলাম রাব্বানী (৬০) নামে এক বৃদ্ধ। সোমবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম রাব্বানী ওই গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বুড়িখালি গ্রামের হান্নান খাঁর বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সেখানে যান গোলাম রাব্বানী।
সাপটি ধরে খেলা দেখানোর সময় একপর্যায়ে সেটি তাঁর ডান হাতে কামড় দেয়। এরপর সাপটিকে ব্যাগে ভরে তিনি নড়াইল জেলা হাসপাতালে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন জানান, সাপের কামড়ের শিকার ওই বৃদ্ধ সাপসহ হাসপাতালে আসেন। তাঁকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
