রামপাল সংবাদদাতা :
বাগেরহাটের রামপালে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন যুবদল নেতা ও জুলাই যোদ্ধা মো. মহিদুল ইসলাম। সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব রামপালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে মহিদুল ইসলাম অভিযোগ করেন, পেড়িখালী ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি আনিচ মাঝি তাঁকে গত ২৫ অক্টোবর রাতে ও ২৬ অক্টোবর সকালে দুই দফায় হামলা করেন। এ সময় তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে গিয়ে ভ্যানচালক আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা সোহেল ও জাকারিয়াও আহত হন বলে তিনি দাবি করেন।
মহিদুলের অভিযোগ, হামলার সময় তার দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এর মধ্যে একটি ফোন পানিতে ফেলে নষ্ট করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আনিচ মাঝি এলাকায় একটি দল গড়ে তুলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং প্রভাবশালী একটি মহল তাকে আশ্রয় দিচ্ছে।
সংবাদ সম্মেলনে মহিদুল ইসলাম দাবি করেন, গত বছর আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের হামলায় তাঁর দুই পা ভেঙে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ অবস্থায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের কাছে নিরাপত্তা চান তিনি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে গত রাতে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত আনিচ মাঝি যত প্রভাবশালীই হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
