বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, প্রবীণ নারীদের গরু উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও ৫৪টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। সংস্থার গত ২৪ বছরের অর্জন তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
অনুষ্ঠানে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ পাউন্ডের কেক কাটা হয়। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সী চার নারীকে স্বাবলম্বী করতে গরু উপহার দেয়া হয়। তারা হলেন মণিরামপুরের আয়রা বেগম, যশোর সদরের জাহানারা বেগম ও রোকেয়া বেগম এবং ঝিকরগাছার নিশাত লুবনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জাতীয়তাবাদী মহিলা দল যশোরের সাধারণ সম্পাদক সামসুন্নাহার পান্না, জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, সমাজসেবক ডা. আহসান কবির, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার, এডাব যশোরের শাহাজান নান্নু, পরিতোষ কুমার বিশ্বাস, মমতাজ আহসানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
শেষে জয়তী সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা ও বর্ণালী সরকার।
