বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে ও প্রেসক্লাব যশোরের বিপরীত পাশে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বিস্ফোরক আইনে করা এ মামলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুলিশ জানতে পারে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ, কালো স্কচটেপের টুকরা এবং ছয়টি বিয়ারিং বল উদ্ধার করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ্য হাতবোমা নিক্ষেপ করা হলে সেটি ভবনের পেছনের প্রবেশ পথের ডান পাশে প্রাঙ্গনের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী ও ডালিম হোসেনসহ কয়েকজন রয়েছেন।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মনিরুজ্জামান লাবলু, লাভলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেনসহ মোট নয়জনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
যশোরের শান্তিশৃঙ্খলা নষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বলে পুলিশের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
