কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। দুটি সিসি ক্যামেরা স্থাপন এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহের নামে মোট ২ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দের বিপরীতে কাজের পরিমাণ ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সাবদারপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
তবে সরেজমিনে বাজারের বিভিন্ন স্থানে প্রকল্পের আওতায় ক্যামেরা স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, জননী ফার্মেসিতে আগে থেকেই থাকা নিজস্ব ব্যবস্থাপনার ক্যামেরাকে প্রকল্পের কাজ হিসেবে দেখানো হয়েছে। তাদের দাবি, স্থাপিত দুটি ক্যামেরার বাজারমূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা।
অন্যদিকে সাবদারপুর মুনসুর আলী একাডেমিতে ৪০ জোড়া বেঞ্চ সরবরাহের জন্য ১ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বিদ্যালয়ের সভাপতি ফয়েজ আহম্মেদ লিওনের অভিযোগ, সেখানে ২০ জোড়া নিম্নমানের বেঞ্চ সরবরাহ করা হয়েছে। সরেজমিনে সরবরাহ করা বেঞ্চগুলোর কয়েকটি ভাঙা ও ব্যবহারের অনুপযোগী দেখা গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে তাকে দুটি ক্যামেরা দেয়া হয়েছিল। সেগুলো বাজারে স্থাপন করা হয়েছে। তবে প্রকল্পের বরাদ্দ ও ক্যামেরার দাম সম্পর্কে তিনি কিছু জানেন না। বেঞ্চ সরবরাহের বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়ে বেঞ্চ দেয়া হয়েছে এবং এ বিষয়ে সভাপতির সঙ্গে কথা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, দুটি ক্যামেরার জন্য ১ লাখ ৪৯ হাজার টাকা বিল দেয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এটি একটি প্যাকেজের অংশ। বিদ্যালয়ের বেঞ্চ সরবরাহের প্রকল্পের বিষয়ে তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
