মাগুরা সংবাদদাতা :
মাগুরায় পৃথক কর্মসূচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একই দিন নড়াইলের কালিয়ায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাসাস।
রোববার বেলা ১১টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান। এ পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এ সময় মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন কুতুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই সময়ে সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন করে জেলা জাসাস। নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা ও কৃষক দলের এক নেতাকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এতে জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী সিরাজউদ্দীন মিহির ও সদস্যসচিব এম রেজা ফেরদৌস রেজাসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
