বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার দিনগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে শহরের পুরাতন কসবা, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়া ও পোস্টঅফিসপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পুরাতন কসবা এলাকার ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে ককটেল হামলার চিহ্ন দেখা যায়। বিস্ফোরণে বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভেঙে গেছে। স্থানীয়রা রাত ১২টার পরপরই চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপের খবর শুনেছেন। তবে ওই বাড়িতে বিস্ফোরণের কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় বর্তমানে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। তাদের ভাষ্য অনুযায়ী, ককটেলগুলো পাশের একটি বাড়ির দেয়ালে আঘাত করে।
আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।
এদিকে, রোববার রাত থেকেই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক একাউন্টে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের খবর প্রকাশ প্রচার করেন।
এসব পোস্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার দাবি করা হয়। তবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, যশোর শহরের পোস্টঅফিস পাড়ার একটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে।
পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। অন্য কোথাও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য বা আলামত পাওয়া যায়নি।
