বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার অর্থনৈতিক শুমারির তথ্য ও ফলাফল উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংখ্যা, মালিকানা, কাঠামো, কার্যক্রম, উৎপাদিত পণ্য ও সেবা এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, যশোর জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৩৩২টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় ১ লাখ ৮১ হাজার ৯৯৩টি এবং শহর এলাকায় ৭৫ হাজার ৩৩৯টি ইউনিট রয়েছে।
এসব অর্থনৈতিক ইউনিটে মোট ৫ লাখ ৪২ হাজার ৪৭২ জন কর্মরত রয়েছেন। তাদের মধ্যে গ্রামীণ এলাকায় ৩ লাখ ১৭ হাজার ৬২২ জন এবং শহর এলাকায় ২ লাখ ২৪ হাজার ৮৫০ জন কর্মরত।
সেমিনারে আরও জানানো হয়, জেলায় স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬৪৯টি এবং অস্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজার ৭৮টি। এ ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী পারিবারিক খানা রয়েছে ১ লাখ ৭ হাজার ৬০৫টি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
