বাংলার ভোর প্রতিবেদক :
গার্মেন্টস শ্রমিকদের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যুনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ, সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের ১ নম্বর উকিল বারের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যশোর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে সমাবেশে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ না করে ১৭ হাজার টাকা ঘোষণার সমালোচনা করেন তারা।
বক্তারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে অবিলম্বে শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যুনতম মজুরি নির্ধারণের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের ওপর পুলিশি হামলা বন্ধ এবং শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা। সমাবেশে পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া শহরের ক্ষুদ্র হকারদের উচ্ছেদ বন্ধের দাবি জানানো হয়।
পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) যশোর জেলা নেতা মহিবুল্লাহ মহিবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাসদ যশোর জেলার সদস্যসচিব হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান এবং সিপিবির যশোর জেলা নেতা আব্দুর রহিম প্রমুখ।
