বাংলার ভোর প্রতিবেদক :
বেনাপোল-ঢাকা রুটে টানা ১০ দিন ধরে বন্ধ রয়েছে রুপসী বাংলা ট্রেন চলাচল। একই সঙ্গে সড়ক পথেও সরাসরি রাজধানীর সঙ্গে যোগাযোগে তৈরি হয়েছে ভোগান্তি।
এদিকে, গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে পদ্মা সেতু ব্যবহার করে যানবাহন চলাচলে বন্ধ থাকায় দূরপাল্লার বাসগুলোকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
বিশেষ করে ভারত থেকে চিকিৎসা ও ব্যবসার কাজ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরা পাসপোর্টধারী যাত্রী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান ও সাশ্রয়ী মাধ্যম রেলপথ। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা ট্রেন। প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করা যাত্রীদের এখন নির্ভর করতে হচ্ছে বিকল্প পরিবহনের ওপর।
স্টেশনে এসে ট্রেন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। আবার বাসে যাতায়াত করতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সড়কপথে ঘুরপথে চলাচলের কারণে গন্তব্যে পৌঁছাতেও লাগছে অতিরিক্ত সময়। যাত্রিরা বলছেন, নিয়মিত এই ট্রেনে ঢাকায় যাতায়াত করেন তারা। ১০ দিন ধরে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। শিমুল হোসেন নামে এক ব্যবসায়ী জানান, ট্রেন বন্ধ থাকায় বাসে যেতে দ্বিগুণ ভাড়া লাগছে তাদের, আবার রাস্তায় যানজটের কারণে সময়ও নষ্ট হচ্ছে।
এদিকে, ভারত থেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে যাওয়া-আসা করা পাসপোর্টধারী যাত্রীরাও পড়েছেন বাড়তি দুর্ভোগে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার পর রাজধানীসহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবুল কাশেম নামে এক ব্যবসায়ী বলেন, ট্রেন বন্ধের পাশাপাশি পদ্মা সেতু হয়ে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে তাদের। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য বাড়তি পরিবহন ব্যয় হয়ে উঠেছে বড় চাপ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। যশোরের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রুপসী বাংলা ট্রেনটি মোকসেদপুর, কাশিযানি হয়ে ঢাকায় যায়। একারণে রূপসী বাংলা ট্রেনটি বন্ধ রয়েছে। তবে অন্য ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং ব্যবসা-বাণিজ্যের গতি সচল রাখতে দ্রুততম সময়ের মধ্যে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বন্দর ব্যবহারকারীরা।
অন্যদিকে, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যশোর, নড়াইল, কালনা, গোপলগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াতের অধিকাংশ বাস বন্ধ রয়েছে। শনিবার বিকেল ৫টা থেকে এ পথে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন,যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (২২৭) সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন।
তিনি বলেন, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে তাৎক্ষণিক যাত্রী নিরাপত্তার কথা ভেবে বিকাল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকপক্ষ।
তবে কিছু গাড়ি বিকল্প পথে যশোর মাগুরা ফরিদপুর হয়ে দৌলদিয়া-পাটুরিয়া হয়ে ঢাকায় যাচ্ছে বলেও তিনি জানান। তার ভাষ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত।
বন্ধ থাকা বাসগুলোর মধ্যে রয়েছে, সোহাগ পরিবহণ, লিটন ট্রাভেল, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি বাস। তবে বিকল্প পখে কয়েকটি বাস চলাচল করছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, যশোর হয়ে নড়াইল অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। এতে জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
