বাংলার ভোর প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। ফ্যাসিবাদের দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে আবার দেশে প্রবেশের চেষ্টা করছে। এদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এছাড়া বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান, নাগরিক পার্টির সমন্বয়কারী নুরুজ্জামান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
সরকারি এমএম কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর সালমা কবীর, সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক আশরাফুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাহিম আল ফাত্তা, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরিফ, ছাত্রদল কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং সাধারণ সম্পাদক আকিব আনোয়ার।
যশোর পুলিশ লাইন স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন। প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জগদীশ দাস।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান। প্রভাষক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক সাইফুদ্দিন, সহকারী শিক্ষক মতিয়ার রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী রাকেশ চন্দ্র এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী হৃদিতা আলম।
এদিকে এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজেও জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান। অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বিএম আকাশ, মুখপাত্র শাহেদ খান এবং সাংবাদিক তৌহিদ জামান।
অনুষ্ঠানগুলোতে বক্তারা শহিদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

