বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ১৬ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নয়ের কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, তিনটি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
অভিযানের সময় মো. সোহেল (৩৮) নামে একজনকে আটক করে বিজিবি। তিনি শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের চেষ্টা ঠেকাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পৃথক অভিযানগুলো চালানো হয়।
আটক সোহেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়। জব্দ করা পণ্যও আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

