বাংলার ভোর প্রতিবেদক :
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যশোরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদ যশোর পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান বিপ্লব, সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জেএম রাজু, যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক তারেক হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।
বক্তারা কুষ্টিয়ায় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আহত নেতাকর্মীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হামজাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা।
নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হামলা, সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো পক্ষকে দমিয়ে রাখার সুযোগ নেই। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

