কেশবপুর সংবাদদাতা
মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পৌর এলাকায় পালিত এ কর্মসূচিতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। একই সঙ্গে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিস্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেন।
এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও অন্যান্য স্থানে পানি জমতে না দেয়া এবং নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
