কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ভাইবা পরীক্ষার ফলাফল বাতিল করে পুনর্নিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা থেকে উপজেলা চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এতে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে জনবল নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন, মিরাজ হোসেন, বোরহান উদ্দীন ও মাহফুজুর রহমান ইমন।
কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ভাইবা পরীক্ষার প্রকাশিত ও প্রস্তাবিত ফলাফল নিয়ে তাদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। তাই ফলাফল সাময়িকভাবে স্থগিত রেখে নিরপেক্ষভাবে পুনর্নিরীক্ষণ ও যাচাইয়ের দাবি জানান তারা। একই সঙ্গে ভাইবা পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশেরও দাবি জানানো হয়।
তাদের চার দফা দাবির মধ্যে আরও রয়েছে—ভাইবা গ্রহণ ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব, রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব বিবেচনায় না নিয়ে মেধা, যোগ্যতা ও নির্ধারিত নির্বাচন নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
বক্তারা বলেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে, সে জন্য ফলাফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে হবে। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
পরে প্রকাশিত তালিকায় নাম না থাকা সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

