বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য ইজারা নেয়া দোকান তাৎক্ষণিক উচ্ছেদ না করে তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে আদালতের নিষেধাজ্ঞা পরও চৌগাছা কাঁচাবাজারের ওই জায়গা দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। এ নিয়ে সেখানকার ও আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ আগস্ট এ আদেশ দেন। মামলাটি রিট পিটিশন নম্বর ১০৬৪৩/২০২৬। আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ভাড়া চুক্তির ভিত্তিতে দোকানটিতে ব্যবসা করে আসছেন। নিয়মিত ভাড়াও পরিশোধ করেন তিনি। মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গাটি প্রয়োজন হওয়ায় গত ২৪ মে তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। তবে রিট আবেদনের শুনানি শেষে আদালত শফিকুল ইসলামের দোকানের ক্ষতি না করার জন্য তিন মাস সময় দেয়া হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোকানটির উচ্ছেদ করা যাবে না বলে হয়। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশনা থাকা অবস্থায় কাঁচাবাজারের জায়গাটি দখলের জন্য একটি প্রভাবশালী মহল পাঁয়তারা করছে। প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে কেউ যাতে জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
