বাংলার ভোর প্রতিবেদক :
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য যশোরে নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী তালিকায় বিভিন্ন অসংগতি ও বিতর্কের পরিপ্রেক্ষিতে প্রকৃত আহত ও নিহতদের শনাক্ত এবং তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুর রহমান সাগর ও সামিউল আলম শিমুলকে। তারা পূর্ববর্তী কমিটির সদস্য মেজবাউর রহমান রামিম ও শোয়েব হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
কমিটিতে আরও রয়েছেন জেলা পুলিশ সুপার, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন যশোরের সিভিল সার্জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য, ঘটনার প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হবে। এর মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের শনাক্ত করার পাশাপাশি তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
নতুন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে তালিকায় থাকা অসংগতি দূর করে প্রকৃত আহত ও নিহতদের তথ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
