বাংলার ভোর প্রতিবেদক :
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বাস্তবসম্মত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
শোভাযাত্রা শেষে একই স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের সদস্যরা দুর্যোগ মোকাবিলা ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্প এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি তুলে ধরা হয়। এ ছাড়া আগুন নেভানো, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং বহুতল ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল দেখানো হয়।
দুর্যোগের সময় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের স্টেশন ও হটলাইন নম্বরও প্রচার করা হয়। মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, ওয়্যারহাউস ইন্সপেক্টর লুৎফর রহমান, উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাস।
এ ছাড়া রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান হুমায়ুন কবির, উপযুবপ্রধান রবিন হাসান সেতু, মনিকা আক্তার, সাবরিনা কাঁকন, সুরাইয়া মিম, সামিউল মোস্তফাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহড়ার আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
