কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে প্রস্তুতি, উদ্ধারকাজ এবং করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ হাসান, কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুজিবুর রহমান এবং ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ জরুরি। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকার উপায় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
তারা আরও বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ নিরাপদ রাখা, অগ্নিনিরাপত্তা সম্পর্কে ধারণা অর্জন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো সম্ভব।
