রামপাল সংবাদদাতা :
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, পরিবার থেকে শুরু করে সমাজের সব পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে হবে।
