বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং এর বাস্তবায়নে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে শুধু ভালো ফলাফল কিংবা সাফল্য অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা গ্রহণের পাশাপাশি সৃজনশীলতা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। একই সঙ্গে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন অতিথিরা।
এ বছর বিভিন্ন পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের মোট ২৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতদের মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং প্রাথমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
