নড়াইল সংবাদদাতা
নড়াইলে সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনার পর ঢাকায় নেয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল বিশ্বাসের লোকজন সাইফুল বিশ্বাসের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরে বুধবার (২ সেপ্টেম্বর) নড়াইল জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনার নিহতের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
