বাংলার ভোর প্রতিবেদক :
বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (বিরতীহীন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
প্রেসক্লাব যশোর নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করেন। কার্যক্রম শুরুর প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
একই দিন বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে আপত্তি নিষ্পত্তির পর সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিক্রি হবে ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ৫ হাজার টাকা।
সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ৩ হাজার টাকা, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ২ হাজার ৫০০ টাকা এবং সদস্য পদে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব অর্থ অফেরতযোগ্য। এ ছাড়া মনোনয়ন ফরমের সঙ্গে ৫শ’ টাকা ফি দিয়ে ভোটার তালিকা সংগ্রহ করতে হবে।
মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মনোনয়নপত্র কেনার মূল রসিদ সংযুক্ত করতে হবে। শুধুমাত্র প্রেসক্লাব যশোরের অনুমোদিত ভোটার তালিকায় থাকা সদস্যরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ব্যালট পেপারে প্রার্থীর নাম ও ছবির পাশে সিল দিয়ে ভোট দিতে হবে।
নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। ভোট গণনার সময় প্রার্থী অথবা তার অনুমোদিত প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন-সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রেসক্লাব যশোর মনোনীত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল এবং সদস্য রেজাউল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
