বাংলার ভোর প্রতিবেদক :
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি এবং মানবজমিনের নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এবার নতুন ৩৬ জন সাংবাদিকসহ ক্লাবের মোট ভোটার ছিলেন ১২১ জন।
সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত পান ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতায় মানবজমিনের নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা পান ২৯ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোরশেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন। নির্বাচিত ছয়জন হলেন শহীদ জয় ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯২ ভোট, গালিব হাসান পিল্টু ৮১ ভোট, মুরশিদুল আজিম হিরু ৭৯ ভোট, এস এম সোহেল ৬২ ভোট এবং তৌহিদ জামান ৫৯ ভোট। অপর দুই প্রার্থী সফিক সাঈদ পেয়েছেন ৫৪ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল পান ৪৮ ভোট।
নির্বাচনের আগেই কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী নির্বাচিত হন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সকাল থেকেই ভোট দিতে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ভোট গ্রহণ শেষে গণনা চলাকালে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে আগ্রহ দেখা যায়।
অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম।
এদিকে, প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে নূর ইসলামসহ অন্যান্য পদে বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছে দৈনিক বাংলার ভোর পরিবার। পত্রিকার সম্পাদক ও প্রকাশ সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন এক বিবৃতিতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে নতুন নেতৃত্ব কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন।
এছাড়া এক বিবৃতিতে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রেসক্লাব যশোরের নতুন নেতৃত্ব জেলার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের স্বার্থ সমুন্নত রেখে ক্লাবের উন্নয়নে গতিশীল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
