বাঘারপাড়া সংবাদদাতা :
গাছের ডাল ছাঁটাইয়ের নামে যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে বড় মেহগনি গাছের মোটা ডাল কাটার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসের গাছগুলো ছাঁটাই করেন। এ সময় ১৬টি মেহগনি গাছের বড় বড় লগ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া দিয়ে শিক্ষার্থীদের স্বস্তি জোগাচ্ছে। তবে শনিবার গাছ ছাঁটাইয়ের নামে এসব গাছের বড় বড় ডাল কেটে ফেলা হয়। এতে গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ উঠেছে, গাছের প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে। এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে বলে স্থানীয়দের অভিযোগ। এর আগে বাঘারপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় লগ কেটে বিক্রির করা হয়। একই চক্র এ ধরনের ঘটনা আবারও ঘটিয়েছে দাবি করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানতে বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ গণমাধ্যমে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গাছের ডালের কারণে কলেজের ভবন এবং খেলার মাঠে সমস্যার কারণে ডালগুলো কাটা হয়েছে। এ বিষয়ে ইউএনওকে জানানো হয়েছে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, কলেজ অধ্যক্ষ আবেদন করেছিলো গাছের ডাল কাটার জন্য। ডালের কারণে খেলার মাঠ ও ভবনের ক্ষতি হচ্ছে বলে আবেদনে উল্লেখ ছিলো। এ কারণে ছোট ডাল ছাটার অনুমতি দেয়া হয়েছিলো। তিনি আরো জানান, কোন গাছ কাটা হলে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
