বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল বলেন, বিকেলে সিরাজুল ইসলামের মাছের ঘেরের পাশে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রাতে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও পুরুষের মরদেহ দেখতে পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ধানক্ষেতে নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
